শিবচরে পদ্মা সেতু রেল লাইন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। শুক্রবার দুপুরে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বাচ্চু, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএ শাখা, অর্পিত সম্পত্তি শাখা) প্রমথ রঞ্জন ঘটক, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানসহ আরও অনেকেই। এদিন তিনি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোয়ালকান্দার পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকার একটি বিল থেকে ৫ টি অবৈধ ড্রেজারের পাইপ কেটে ধ্বংস করেন। এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন রেল লাইনে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে কোন দালালদের শরনাপন্ন না হতে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়সহ ভূমি সংক্রান্ত যে কোন অফিসে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই সঠিক সেবা পাওয়ার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, পদ্মা সেতুর রেলাইনের ক্ষতিপূরনের জন্য ৭ ধারার নোটিশ দেয়া হয়েছে। অনেকেই তাদের চাহিদা মোতাবেক ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ করেছেন। সেটি সরেজমিনে দেখলাম। একইসাথে যারা ক্ষতিগ্রস্থ তাদের জানিয়ে দিয়ে গেলাম, তারা যেন কোন অবস্থাতেই দালালদের শরনাপন্ন না হন। কোন অবস্থাতেই কোন অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা নিশ্চিতে আমরা ডিসি অফিসে নানামুখী উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মাদারীপুরে যোগদান করার পর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটককে সাথে নিয়ে অল্প সময়ের মধ্যে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখা, অর্পিত সম্পত্তি শাখার দপ্তরকে দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছে।
ইত্তেফাক/কেকে
