বাস টার্মিনালে চাঁদাবাজি মামলা

বরিশালে ইউপি চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:১০

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। গতকাল শুক্রবার বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, কোনো জনপ্রতিনিধি যদি অপরাধ করে কারাগারে থাকেন ও তার নৈতিক স্খলন ঘটে তবে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা এমনকি বরখাস্তের বিধান রয়েছে। জেলা প্রশাসক বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বলা হয়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে সুপারিশ পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দূরপাল্লার পরিবহন গোল্ডেন লাইন কাউন্টার ইনচার্জ শহিদুল ইসলামকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় টেম্পু মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লাকে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ। এ সংক্রান্ত মামলায় বলা হয়, গত ২২ জুলাই রাতে গোল্ডেন লাইন কাউন্টার থেকে বের হয়ে বাসায় যাবার পথে প্রধান আসামি লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা ম্যানেজার শহিদুল ইসলামকে চাঁদার দাবিতে মারধর করে। এসময় তার সঙ্গে থাকা ২ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এ ব্যাপারে লিটন মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের নামে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এর আগে এ মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে গ্রেফতার করে পুলিশ।