মুক্তিপণের টাকা নিতে এসে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৬:২৮

সাগর (১৫) নামের এক কিশোরকে আটক করে মায়ের নিকট থেকে মুক্তিপণের টাকা নিতে এসে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হলো কিশোর গ্যাংয়ের ছয় সদস্য। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দুটি ধারালো ছুরি ও আটকে রাখা কিশোর সাগরকে উদ্ধার করা হয়ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় নাজমুল গার্মেন্টসের সামনের রাস্তায়।

গ্রেফতারকৃতরা হলো শিয়াচর তক্কার মাঠ এলাকার সাব্বির মিয়ার পুত্র অয়ন (১৬), দেলোয়ার হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম (১৭), জামাল মিয়ার পুত্র ইমরান হোসেন (১৮), জাকির হোসেনের পুত্র হাসান (১৬), শাহ আলমের পুত্র হাবিব (১৭) ও হাসান মিয়ার ভাড়াটিয়া রাসেল (১৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাসেল শেখ বাদী পোসাগী খানমের বরাত দিয়ে জানান, গত ২৬ আগস্ট রাতে বাদীর পুত্র সাগর গাইবান্ধা থেকে দেওভোগের বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন সকাল ৮টার দিকে ছেলের মোবাইল ফোন থেকে ফোন দিয়ে গ্রেফতারকৃতরা তার ছেলের মুক্তির জন্য ২০ হাজার টাকা দাবি করে। পরে ৫ হাজার টাকায় রফা হয়। বাদী ছেলেকে আগে দেখবে তারপর টাকা দেবে বললে গ্রেফতারকৃতরা তক্কার মাঠ এলাকায় এসে তাদের ফোন দিতে বলে। বাদী তখন বিষয়টি থানায় জানালে পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে কিশোরকে উদ্ধার ও ঐ ছয় জনকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।

ইত্তেফাক/কেকে