নিকলী উপজেলার হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে হাওরের পানিতে ডুবে মোঃ ইফাত (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। ইফাত নোয়াখালীর মোঃ হানিফ মিয়ার ছেলে। তিনি ঢাকা ফার্মগেট এলাকায় ব্যবসা করেন।
শুক্রবার সকালে ঢাকা থেকে ইফাতসহ ৮ বন্ধু চারটি মোটরসাইকেলযোগে নিকলী হাওরে ঘুরতে আসেন। নৌকা নিয়ে হাওরে ঘুরে এসে সবার অলক্ষ্যে একাই পানিতে সাঁতার কাটতে নামে ইফাত। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান অবস্থায় ইফাতের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ভাসমান অবস্থায় ইফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, এ ব্যপারে নিকলী থানায় একটি (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
