সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ছোট ভাদড়া গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতার সমর্থক সবুজের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষের মধ্যে আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উত্তেজনা থাকায় ওই গ্রামে পুলিশ মোতায়েন আছে।
ইত্তেফাক/আরকেজি
