মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করছে যুক্তরাষ্ট্র। মধ্য আফ্রিকা থেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আসা শত শত অভিবাসী মেক্সিকো সীমান্তে জড়ো হচ্ছে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য। মার্কিন সেনারা তাদের ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে।
প্রায় ৪ শত জনের অভিবাসীদের একটি দল মূল থেকে বিচ্ছিন্ন হয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সীমান্তে চলে আসে। অন্যরা সীমান্তের দিকে এগোচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাত্তিস বুধবার সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে ৭ হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগ তিজুয়ানা থেকে সান সিডরো এবং ওতে মিসা পর্যন্ত লেনগুলো বন্ধ করে দেয়া হবে কাঁটাতারে।
শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগ এই অভিবাসীদের নিরাপত্তা হুমকি হিসেবে অবিহিত করে তাদের আটকাতে প্রস্তুতির কথা জানিয়েছে। মধ্য আমেরিকা থেকে আসা এই অভিবাসীদের ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন যার ফলে অবৈধপথে ঢোকা অভিবাসীরা রাজনৈতিক আশ্রয় পাবে না। কিন্তু অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের ব্যাপারে মরিয়া।
নেলভিন মেফজা গত মাসে ৭০ জনের একটি দলের সাথে মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছে। নেলভিন বলেন, নিজের দেশের চেয়ে আমি যুক্তরাষ্ট্রের জেলে থাকাকে ভালো বলে মনে করি। কারণ নিজ দেশে আমাকে হত্যা করা হবে। মধ্য আমেরিকা থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। এদের অনেকেই পথে নিহত হন।
