পাঁচ বছরের জস বাড়িতে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। এমন সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়ে তার মা। কী করবে বুঝে উঠতে পারছিল না ছোট্ট জস। এমন সময় নিজের খেলনা গাড়িতে লেখা জরুরি নম্বরে ফোন দিয়ে সব খুলে বলে পুলিশের সাহায্য কামনা করে। পুলিশও দ্রুত সাড়া দেয়। অসুস্থ ঐ নারীকে হাসপাতালে নিয়ে গেলে নতুন জীবন ফিরে পান তিনি। পুরো ঘটনাটি নিজেদের ফেসবুকে পোস্ট করে জানিয়েছে যুক্তরাজ্যের ওয়েস্ট মারসিয়া পুলিশ।
জসের খেলনা অ্যাম্বুল্যান্সের গায়ে ‘ইমার্জেন্সি ১১২’ লেখা ছিল। সেটা দেখেই জস সাহস আর বুদ্ধি খাটিয়ে হাতে ফোন তুলে নেয়। এভাবে এর আগে কোনো দিন সে ফোন করেনি বলেও জানিয়েছে। ফোনের অপর প্রান্তে থাকা অপারেটরকে কোনো রকমে বোঝাতে সক্ষম হয় তার মায়ের অবস্থা। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন ঐ অপারেটরও। শিশুটির কথায় বিশ্বাস করে সেখানে পৌঁছেই তাকে হাসপাতালে নিয়ে যান পুলিশের একটি দল। বেঁচে যান জসের অসুস্থ মা। জসের এমন উপস্থিত বুদ্ধি আর পুলিশের দ্রুত সাড়া দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।-ডেইলি মেইল
