কেন্দুয়ায় জেডিসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৫

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

জেডিসি পরীক্ষা চলাকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভরাপাড়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র খরচের কথা বলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ওই টাকায় পরীক্ষায় দায়িত্বরত কেন্দ্র কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তাদের প্রতি পরীক্ষার দিন ভুরিভোজ করানো হয় বলেও জানা গেছে। এ ঘটনায় পরীক্ষার্থীসহ তাদের অভিভাবক, শিক্ষক সমাজ ও সচেতন মহলে তীব্র সমালোচনা চলছে।

ভরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাদেকের মুঠোফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব না হওয়ায় উপাধ্যক্ষ মাজহারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি অধ্যক্ষের বরাত দিয়ে জানান, পরীক্ষার্থীরা ১৫০ টাকা করে কেন্দ্র ফি দেওয়ার পরও কেন্দ্র খরচ সংকুলান না হওয়ায় বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সঙ্গে কথা বলে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে আরো ৫০ টাকা করে আদায় করার সিদ্ধান্ত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করার কোনো বিধান নেই এবং খাওয়া-দাওয়ারও কোনো নিয়ম নেই। ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।