মারবেল খেলা নিয়ে শিশুদের ঝগড়ায় অভিভাবকের আঘাতে এক শিশুর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৮:১০

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শিশুদের মারবেল খেলার সময় ঝগড়াকে কেন্দ্র করে এক শিশুর অভিভাবকের আঘাতে অপর এক শিশু নিহত হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুদের মারবেল খেলা নিয়ে ঝগড়া বাধে।

নিহত শিশুর নাম মো. শান্ত (১২)। সে ওই এলাকার সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, শান্তর সঙ্গে একই বাড়ির শফিউল্যাহর ছেলে জিহাদের (১০) শুক্রবার বিকালে মারবেল খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের অভিভাবক শফিউল্যাহ এলোপাতারি মারপিট করে কবরস্থানে দেয়ালের সঙ্গে শিশু শান্তর মাথা ঠোঁকায়। এতে শান্ত অজ্ঞান হয়ে যায়। হৈচৈ শুনে শান্তর পঙ্গু বাবা সিরাজ, মা রাবিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে  শিশু শান্তকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন।

হাসপাতালের ডাক্তার নাসরিন ফাতেমা জানান, শিশুটি বমি করছিল,  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা রেফার করা হয়েছে। ভোলা থেকে রেফার করলে শনিবার ঢাকা নেওয়ার পথে ক্রিস্টাল লঞ্চে শান্ত মারা যায়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান,  লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এসি