দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে স্বামী-স্ত্রীর শরীর

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০১:৩৫

জামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে গেছে মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর।। শনিবার দিবাগত রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশীদ বাবলুর (৫৫) এবং তার স্ত্রী আমেনা বেগম (৪৫) একটি গরুর খামারের পাহারা দিতেন। প্রতিদিনের মতো খামারে চৌকিতে বিছানা পেতে তারা মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডের তীব্রতায় বাবলুর ডান চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তার স্ত্রী আমেনা বেগমের ডানের হাত থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে দু’জনকে রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে এসিডদগ্ধ বাবলুর ভাতিজা মো. মেরাজুল ইসলাম বলেন, আমার চাচা বাবলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস মীমের স্বামী জাহাঙ্গীর আলম বিপুলের সৎভাইদের সঙ্গে তার জমিজমা নিয়ে বিরোধের চলছিল। এরই জের ধরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

এ বিষয়ে জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। স্বজনরা চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি