চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় চাঁদা না দেওয়ায় অশোক কুমার নামের একজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে এক ইয়াবাখোর। আহত অশোক চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বুধবার সকাল ১০টায় চৌগাছা বাজারের মালোপাড়ার নিমাই বিশ্বাসের ছেলে তুষার ওরফে ইয়াবা তুষার এবং একই পাড়ার মনোরঞ্জন কুন্ডুর ছেলে বিশ্বজিত চৌগাছা বাজারে অশোক ক্লথ স্টোরের মালিক অশোকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। অশোক দিতে অস্বীকার করলে তুষার ও বিশ্বজিত তাকে এলোপাতাড়িভাবে কিল চড় ঘুষি মেরে আহত করে। এ সময় সন্ত্রাসীরা অশোকের হাতে থাকা ১০ আনা ওজনের একটি আংটি, গলায় থাকা ১০ আনা ওজনের একটি চেইন, যার আনুমানিক মূল্য ৬২ হাজার টাকা, একটি সাউমি নোট-৫ মোবাইল, মূল্য ২০ হাজার ৯শ’ ৯৯টাকা এবং ক্যাশ বাক্মে থাকা ২লাখ ২৭হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পাশের দোকান থেকে উত্তম সরকার, নিতাই সরকার ও শ্যামল সিকদার এগিয়ে আসলে তুষার তাদের প্রাণনাশের হুমকি দেয়। তুষারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তুষারের নামে ইয়াবাসহ বিভিন্ন মদক ব্যবসার অভিযোগ রয়েছে।
