দুই বছরের বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আঁচল। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি প্রতীক্ষিত ‘দাগ’ চলচ্চিত্রে দর্শকরা তাকে দেখতে পাবেন। তারেক সিকদারের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করবেন নায়ক বাপ্পী চৌধুরী ও লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে আঁচল বলেন, ‘এই ছবির গল্পটা বেশ সুন্দর। বাপ্পীর সঙ্গে আমার একাধিক হিট ছবি আছে। আশা করি, এই ছবিটিও দর্শক পছন্দ করবেন। আর আমি মাঝে বিরতি নিয়েছিলাম। কাজও করেছি কম। যে কারণে পর্দায় আমার ছবি সংখ্যা অনেকের তুলনায় কম। তবে এখন নিয়মিত কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আগামীতে দর্শক পর্দায় আরও ছবিতে আমাকে দেখতে পাবেন।’ আঁচল অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হূদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা :দ্য টেররিস্ট’ ও ‘সুলতানা বিবিয়ানা’।
