প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করেছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় প্রতারকদের অফিস থেকে ভ্যাকসিন উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেয়া বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের নির্দেশনায় সোমবার দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মূল হোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, আটককৃতদের তথ্য অনুযায়ী নগরীর টিসিসি লেনের একটি বাসায় অভিযান চালিয়ে দেখা যায় অফিস খুলে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিও’র ব্যানারে হেপাটাইটিস-বি ভ্যাকসিন এর ব্যবসা করে আসছিলো।
টিকাদানের নিয়ম-কানুন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এ ৫ প্রতারক ইতিমধ্যে ৬শ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এসময় মূল হোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই
