মুক্তির অপেক্ষায়

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

র ফি কু ল  ই স লা ম

 

গেল বছরটা ছিল ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার জন্য এক অন্যরকম চ্যালেঞ্জের বছর। কারণ গেল বছরই তিনি তার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাজ শেষ করেছেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন শালিনের প্রথম সিনেমা ২০১৮-তেই মুক্তি পাবে। কিন্তু শেষতক তা আর হলো না। তাই শার্লিন ভক্তদের সামনে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এই বছরই শার্লিন অভিনীত প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাস বাতাস’ নিয়ে হাজির হচ্ছেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন শার্লিন। শার্লিন বলেন, ‘প্রথম সিনেমা আমার, তাই কী যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিজেকে বড় পর্দায় দেখার জন্য। দিন যাচ্ছে, কিন্তু অপেক্ষা আমার শেষ হচ্ছে না। তবে শিগগিরই এই অপেক্ষা শেষ হবে। অনেক যত্ন নিয়ে উজ্জ্বল ভাই চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আমি খুব আশাবাদী আমার প্রথম চলচ্চিত্র নিয়ে।’ এদিকে এরইমধ্যে শার্লিন ফারজানা শুভ্র খানের নির্দেশনায় জিটিভির জন্য ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘শুভমিতা’য় অভিনয় করেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেহেদী হাসান জনির নির্দেশনায় ‘গল্পটা তোমার জন্য নয়’ নাটকেও অভিনয় করেছেন শার্লিন। ছয়পর্বের ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে আছেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা তানভীর এবং ‘গল্পটা তোমার জন্য নয়’তে তার বিপরীতে আছেন মনোজ। এ ছাড়াও তিনি শেষ করেছেন আদনানের নির্দেশনায় ফিকশন ‘অতল জলের গল্প’-এর কাজ। শার্লিন অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ‘ওয়াদা’, ‘টু লাভ ইউ মোর’, ‘দ্য মাইজার’, ‘বিন্দুতেই ফেরা’, ‘হঠাত্ তোমার জন্য’, ‘কাম ফ্রম ভুয়াপুর’, ‘লাইফ অ্যান্ড ফিওনা’, ‘পদ্মপাতা’, ‘ভালোবাসার ফানুষ’, ‘যে তুমি হরণ করো’, ‘তোমার আমার বিয়ে’, ‘টুকরো প্রেমের বাঁধন’, ‘মেঘ বৃষ্টি আলাপন’ ইত্যাদি।