স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় এক যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো কৃষক লীগের দুই নেতা ফেঁসে গেছেন। গত মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে ওই ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু হানী মোল্লা জানান, তিনি মোকামতলা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। স্থানীয় কিছু লোক তাকে অনেকদিন ধরেই নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছে। এমনকি মাদক দিয়ে ফাঁসানো হবে এমন পরিকল্পনাও করা হয়। বিভিন্ন সূত্রে এ ধরনের খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানানোর জন্য গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থানায় যান। তিনি বলেন, আমি আমার মোটরসাইকেল থানার ভেতরে রেখে দারোগার কক্ষে যাই। প্রায় ঘণ্টাখানেক পর যখন বের হবো তখন একজন এএসআই আমাকে বলেন, ‘মেম্বার সাহেব আপনার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আপনার মোটরসাইকেলে ইয়াবা রয়েছে। এরপর আমার মোটরসাইকেলের সামনে হেডলাইটের ওপরের কভারের ভেতর থেকে ১০ পিস ইয়াবা বের করা হয়। তখন আমি ওসি সাহেবকে চ্যালেঞ্জ করি যে আমাকে ফাঁসানো হচ্ছে। পরে থানার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যায় কৃষক লীগ নেতা বিপুল এবং ওবাইদুল আমার মোটরসাইকেলে ইয়াবা রেখেছে। বিষয়টি প্রমাণিত হওয়ার পর আমি ওই দু’জনসহ মোট চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করি।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মোকামতলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানী মোল্লাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। সিসিটিভির ফুটেজ দেখার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
