g রে জা উ ল ক রি ম খো ক ন
দেখতে দেখতে সিনেমার অঙ্গনে ১০ বছর হয়ে গেছে ইয়ামি গৌতমের। হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, পাঞ্জাবি, মারাঠি সিনেমায় সমানভাবে বিচরণ করছেন। এর মধ্যে তার অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পেয়েছে। মডেল হিসেবে উপমহাদেশের ঘরে ঘরে, তাকে সবাই চেনে বেশ ভালোভাবেই। বলা যায় জনপ্রিয়ও তিনি। ফেয়ার অ্যান্ড লাভলি গার্ল হিসেবে ঘরে ঘরে ইয়ামির পরিচিতি গত বেশ কয়েক বছরের। ২০১২ সালে বলিউডে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে। প্রথম অভিনীত সিনেমাটি চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদের বিপুল প্রশংসা অর্জনের পাশাপাশি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ফলে সফল অভিনেত্রী হিসেবে বলিউডে শুরু থেকে গ্রহণযোগ্যতা পেয়ে আসছেন ইয়ামি গৌতম। তাকে গত বছর সর্বশেষ দেখা গেছে সমাজসচেতন বক্তব্যপ্রধান সিনেমা ‘বাত্তি গুল মিটার চালু’-তে। শহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ইয়ামি এ সিনেমায় একজন তরুণী আইনজীবী অ্যাডভোকেট গুলনার রিজভির চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘ভিকি ডোনার’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘জুনুনিয়াত’, ‘সানাম রে’, ‘কাবিল’, ‘সরকার থ্রি’ সিনেমাগুলোয় তার চমত্কার পারফরম্যান্স এবং উজ্জ্বল পর্দা উপস্থিতি প্রমাণ করেছে তার যোগ্যতা। একজন সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে বলিউডের বাণিজ্যিক সিনেমায় নিজেকে প্রয়োজনীয় করে তোলার ক্ষেত্রে অনেকটাই সফল বলা যায় তাকে। গত কয়েক বছরের পথচলায় সব ধরনের রোলে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছেন ইয়ামি। আয়ুশ্মান খুরানা থেকে শুরু করে অজয় দেবগন, হূত্বিক রোশন, পুলকিত সম্রাট, বরুণ ধাওয়ান প্রমুখ নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন তিনি। নতুন বছরের শুরুতেই ইয়ামি আসছেন আবার দর্শকদের সামনে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘উরি :দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি। অ্যাকশন ধাঁচের বলিউডি সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ২০১৬ সালে পাক-ভারত উরি সীমান্তে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ মোকাবিলার শ্বাসরুদ্ধকর বাস্তব ঘটনাবলি নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর বীর কমান্ডোদের দুঃসাহসী কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এখানে ইয়ামি ছাড়াও অভিনয় করেছেন কৃতি কুলহারি, পরেশ রাওয়াল, মোহিত রায়না, ইভান রড্রিগেজ, মানসী পারেখ প্রমুখ। কাশ্মিরে ভারতীয় সৈন্যদের উরি বেস ক্যাম্পে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা সারা বিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৬ সালে সংঘটিত এ ঘটনার এক বছর পর এ নিয়ে বলিউডে সিনেমা তৈরির ঘোষণা আসে ২০১৭-এর সেপ্টেম্বরে। নতুন পরিচালক আদিত্য ধর সিনেমাটি পরিচালনা করেছেন। এগার দিনে সংঘটিত শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। সিনেমায় একজন তরুণ মেজর ভিহান শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা ভিকি কুশল। অভিনীত চরিত্র যথাযথভাবে রূপায়ণের জন্য একটানা বেশ কয়েকদিন দৈনিক তিন থেকে চার ঘণ্টা ধরে কঠোর অনুশীলন করেছেন। মিলিটারি ট্রেনিং সম্পন্ন করে ক্যঅমেরার সামনে দাঁড়িয়েছেন ভিকি কুশল। নায়িকা ইয়ামি গৌতমকেও মার্শাল আর্টের ট্রেনিং নিতে হয়েছে ‘উরি’ সিনেমায় অভিনয়ের জন্য। ভারত-পাকিস্তান সীমান্ত কাশ্মির এলাকার পটভূমিকায় এ সিনেমার গল্প সাজানো হলেও সার্বিয়াতে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছে। এরকম একটি বাস্তব ঘটনানির্ভর আলোচিত সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে অনেক খুশি ইয়ামি গৌতম। ‘আমি এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি তার মধ্যে বিভিন্ন স্বাদের বিভিন্ন মেজাজের সিনেমা ছিল, ‘উরি’ সিনেমাটি সেগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা, এখানে আমার অভিনীত চরিত্রটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে। আশা করি দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হবেন।’ সাম্প্রতিক এক সাক্ষাত্কার কথাগুলো বলেছেন সুন্দরী এই মডেল কাম অভিনেত্রী। ‘উরি :দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো একটি ভিন্নধারার অ্যাকশন সিনেমা ইয়ামি গৌতমের ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে বলে দেওয়া যায় আগেভাগেই।
