হরিণের মাংস চামড়াসহ হোটেল কর্মচারী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিন উপজেলায় ১১০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ এক হোটেল কর্মচারীকে আটক করেছে স্থানীয় থানার এসআই জ্ঞান কুমার। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টবগী ইউপির ২নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। হোটেল কর্মচারী ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজ নগর ৫নং ওয়ার্ড এলাকার অমল চন্দ্র দাসের ছেলে। বর্তমানে ভোলার আলাউদ্দিন হোটেলে কর্মরত।

বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার জানান, গোপন সংবাদে জানতে পান একটি চক্র হরিণের মাংসসহ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানগঞ্চ বাজারের দিকে আসছে। এই সময় তার নেতৃত্বে একটি টহল দল উল্লিখিত স্থানে অবস্থান করে। এ সময় ঝন্টু চন্দ্র দাসকে ১১০ কেজি বস্তা ভর্তি হরিণের মাংস ও একটি চামড়াসহ আটক করে। তাদের সঙ্গে থাকা আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিন পালিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, টহল পুলিশ মাংসসহ ঝন্টুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের। তিনি ওই হোটেলে চাকরি করেন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।