সুন্দরগঞ্জে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫

সুন্দরগঞ্জে বজ্রপাতে নয়ন সরকার (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা সিরাজ উদ্দিন (৬৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাঠগড়া গ্রামের সিরাজ উদ্দিন ও তার ছেলে নয়ন সরকার বাড়ির পাশের ঘাঘট নদীর চরে জমিতে কাজ করতে যান। 

এ সময় বৃষ্টি শুরু হলে তারা স্যালো মেশিনের পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। এতে হঠাৎ বজ্রপাত হলে নয়ন সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন পিতা সিরাজ উদ্দিন। 

স্থানীয়রা ঘটনাস্থল গাইবান্ধার সুন্দরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার সমন্বিত ঘাঘট নদীর চরে অবস্থিত ঐ স্যালো মেশিনঘর থেকে আহত সিরাজ উদ্দিন ও নিহত পুত্র নয়ন সরকারের মৃতদেহ উদ্ধার করেন।

সংশ্লিষ্ট বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ