দুই জন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্যান্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
দণ্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় দায়েরকৃত মামলা দুটির বাদী হচ্ছেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারী কান্দি গ্রামের সরোয়ার বেপারী।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়াকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
মামলার আর্জিতে অভিযোগ করে বলা হয়, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করে। এ সময় মামলার আসামিরা গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন।
মামলার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে জানেন না বলে সাংবাদিকদের জানান।
ইত্তেফাক/এএএম
