সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগে মাস্ক না পরাসহ বেশ কয়েকটি অপরাধে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় ও ২৪টি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার সময় সেনবাগ পৌরসভার থানা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকরা ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনবাগ থানার এসআই তানেরকুর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় তারা জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়া সংবাদদাতা জানান, এদিন মাস্ক না পরায় ও বাজারে মূল্য তালিকা না থাকায় ছয় জনকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী উপজেলার আধুনগর বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
