বৈচিত্র্যময় একটি স্মার্টফোন অ্যাপের নাম মুভসেন্স। হেলথ ট্র্যাকিং ঘরানার এই অ্যাপটি কোনো রোগীর অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা শনাক্ত করবে। বিশেষত ক্রনিক কার্ডিওপালমোনারি রোগে আক্রান্তদের জন্য এই অ্যাপটি বিশেষ সহায় হিসেবে কাজ করবে। ইউনিভার্সিটি অব ইলিনয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন এই অ্যাপটি। শারীরিক সুস্থতা পরিমাপের জন্য অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রার পরিমাপকে তাত্পর্যপূর্ণ মাপকাঠি হিসেবে গণ্য করা হয়ে থাকে। অক্সিজেনের এই সম্পৃক্ততার মাত্রা পরিমাপের অন্যান্য পদ্ধতিগুলো সাধারণত সম্পৃক্ততার মাত্রায় বড় ধরনের পরিবর্তনকেই শনাক্ত করে থাকে। এর বিপরীতে মুভসেন্স অ্যাপে নিরবচ্ছিন্নভাবে এই মাত্রা পরিমাপ করা হয়ে থাকে। এর ফলে এর মাধ্যমে আরও বেশি নিখুঁত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন এর উদ্ভাবকরা। ইউনিভার্সিটি অব ইলিনয়ের মেডিকেল ইনফরমেশন সায়েন্সের প্রধান কম্পিউটার সায়েন্সের অ্যাফিলিয়েট প্রফেসর ব্রুস শ্যাটজ এই অ্যাপ সম্পর্কে বলেন, ‘এর আগ পর্যন্ত পালস অক্সিমিটার ব্যবহার ব্যতিরেকে অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রা নিখুঁতভাবে পরিমাপের কোনো পদ্ধতি উদ্ভাবিত হয়নি। মুভসেন্স অ্যাপটি এই ক্ষেত্রেই অনন্য হয়ে উঠেছে। এই অ্যাপটি ব্যবহার করলে ব্যবহারকারী অ্যাপটি চালু অবস্থায় স্মার্টফোনকে সাথে রেখে হাঁটা-চলাফেরা করলেই সঠিক তথ্যটি পাওয়া যাবে।’
http://goo.gl/V9vjCW লিংকে গেলে এই অ্যাপ সংক্রান্ত গবেষণাপত্রটি বিনামূল্যে ডাউনলোডের জন্য পাওয়া যাবে।
০
