খাগড়াছড়ির গুইমারায় গৃহস্থের ঘরে ঢুকে একদল সন্ত্রাসী গুলি করে আহত অবস্থায় জেন্দ্র ত্রিপুরা (৫০) এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে গুইমারার হাফছড়ির ৭নং ওয়ার্ডের ফেরকুমার কার্বারিপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত জেন্দ্র ওই গ্রামের মৃত মংশৈ ত্রিপুরার ছেলে।
অপরদিকে, রামগড়ের যৌথখামার এলাকা হতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের দুই কর্মচারিকে ১০ দিনেও উদ্ধার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ৬-৭ জন মুখোশধারী সন্ত্রাসী ওই বাড়িতে হানা দেয়। তারা জেন্দ্রকে ডাকাডাকি করতে থাকে। ভয়ে লোকজন সাড়া না দিলে সন্ত্রাসীরা ঘরের টিনের বেড়ায় দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এ অবস্থায় জেন্দ্রর স্ত্রী পলেন্দ্র ত্রিপুরা দরজা খুলে দিলে সন্ত্রাসীরা ঘরে ঢুকে বারান্দার কক্ষে শুয়ে থাকা জেন্দ্র ত্রিপুরার পায়ে এক রাউন্ড গুলি করে। এ অবস্থায় সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে তারা গুলিবিদ্ধ জেন্দ্রকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাসায় তার স্ত্রী ছাড়াও দুই মেয়ে হেরোনকা ত্রিপুরা (১৯) ও হেলিনো ত্রিপুরা (৯) ছিলো।
খবর পেয়ে মঙ্গলবার সকালে সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন ওয়ালী উল্লাহ ও গুইমারা থানার ওসি (তদন্ত) মো। শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।
গুইমারা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, অপহৃতকে উদ্ধারে জোর চেস্টা চলছে। তবে তিনি এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা কিছুই জানাতে পারেননি।
অপরদিকে, রামগড়ে চাঁদার জন্য সন্ত্রাসীদের হাতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেড্রার্সের বিক্রয় প্রতিনিধি ও চট্টগ্রামের পাহাড়তলীর ওবায়দুল হকের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও কমর্চারি নোয়াখালীর সুধারামের মোঃ রাজু (২৮)কে ১০দিনেও উদ্ধার করা যায়নি। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ'র প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করেছে বলে জানাগেছে। অপহৃতরা উদ্ধার না হওয়ায় তাদের পরিবার পরিজন চরম উদ্বেগ উৎকন্ঠার মধ্যে আছেন।
ইত্তেফাক/এসি
