বরিশালের গৌরনদী উপজেলার ডাক্তার মোস্তাফিজুর রহমান ডায়বেটিকস হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও হাসপাতালের রিসিপসোনিস্ট ও আয়াকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হাসপাতাটির উপ-সহকারী মেডিকেল অফিসার আরাফাত রহমান গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে পাঁচ বছরের একটি শিশুর শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে আসেন গৌরনদী পৌরসভার টিকাসার মহল্লার কয়েকজন বাসিন্দা। হাসপাতালে আসার পরপরই শিশুটিকে অক্সিজেন লাগানো হয়। এরপর শিশুটির শ্বাসকষ্ট কমে গেলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুনরায় শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নিয়ে আসা হয় ওই শিশুটিকে। পরে শিশুটিকে অক্সিজেন লাগানো হয় এবং বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। এঘটনার জের ধরে শিশুর সাথে আসা স্বজন দেলোয়ার চৌকিদার, রতন চৌকিদার, রাজু চৌকিদারের নেতৃত্বে ৫/৬ মিলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়ে হাসপাতালের রিসিপসোনিস্ট জুঁই আক্তার ও একজন আয়াকে পিটিয়ে আহত করা করে।
গৌরনদী মডেল থানার এসআই কেএম আবদুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি
