মরতে তুমি ভয় করোনি বলে
পালিয়ে গেল মৃত্যু তোমায় ছুঁয়ে...
অন্ধকারের বিবর থেকে উঠে
আসলে তুমি স্বাধীন স্বদেশ ভূয়ে।
স্বদেশ তোমায় উঠল পেয়ে হেসে;
হাসার বদল কাঁদলে তুমি এসে।
তোমার জন্য স্বাধীন জাতি হলাম
তোমার জন্য পেলাম জয়ের কেতন;
তোমার জন্য মৃত্যুবাঁধন ছিঁড়ে
মুক্ত হয়ে পেলাম নতুন চেতন...
উঠল জ্বলে সবার আঁখি যুগল;
বদলে দিলে তুমিই জাতির ভূগোল।
বিজয় পেলাম ষোলোই ডিসেম্বরে
আসলে তুমি দশোই জানুয়ারি;
বলব তোমার স্বদেশ ফেরার পরেই
স্বাধীন হলাম ভাবতে সবাই পারি।
তুমিই দিলে স্বাধীন স্বদেশভূমি
বাংলাদেশের হূদয়জুড়ে তুমি
তুমিই জাতির হাজার যুগের চাওয়া
তুমিই জাতির কণ্ঠ খুলে গাওয়া;
যখন ভাবি স্বপ্ন বুঝি বৃথা...
তখন তুমি সাহস জাগাও পিতা।
