রাউজানে সাবেক ওসির বিরুদ্ধে ক্রসফায়ারের হুমকির অভিযোগে মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯

ক্রসফায়ারের ভয়ভীতি প্রদর্শন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামের রাউজান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ এবং একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের অরবিন্দু চৌধুরীর পুত্র রাজ গোপাল চৌধুরী মামলাটি দায়ের করেন।

আদালত মামলা গ্রহণ করে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া এ মামলায় আগামী ৭ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন—বাদীর একই গ্রামের বাসিন্দা সুনীল দাশের পুত্র রাজীব দাশ, রাউজান থানা থেকে সদ্য বদলি হওয়া ওসি কেফায়েত উল্লাহ, পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ এবং রাউজান থানার উপপরিদর্শক (এসআই) টুটুন মজুমদার।

বাদীর আইনজীবী দেলোয়ার হোসেন জানান, বাদীর বাবা অভিযুক্ত রাজীবের বাবার কাছ থেকে ৬১ শতক সম্পত্তি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি রাজীব ঐ সম্পদ জোরপূর্বক দখলের চেষ্টা চালান। রাউজান থানার ওসি কেফায়েত ও এসআই টুটুন এবং ইউপি চেয়ারম্যান রাজীবকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিলেন।

বাদী আরো অভিযোগ করেন, গত ১৩ আগস্ট এবং ১৪ আগস্ট দুই দফায় অভিযুক্ত রাজীব বাদীর সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে প্রায় ২ লাখ টাকা মূল্যের        ৪৩টি গাছ কেটে ফেলেন। পুলিশের কাছ থেকে সহযোগিতা না পেয়ে বাদী বাধা দিতে গেলে তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়। পরে রাউজান থানার এসআই সুজন দে গিয়ে ঘরের তালা খুলে তাকে উদ্ধার করেন। অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পুলিশের পক্ষ থেকে তাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।