থাইল্যান্ডে কিকবক্সিং খেলায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু দেশটিতে শিশুদের বক্সিং রিংয়ে নামানো নিষিদ্ধের দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। চ্যারিটি এক খেলায় নকআউট হওয়ার দুইদিন পর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আনুচা কোচানাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের আয় বাড়াতে আট বছর বয়স থেকে বক্সিং রিংয়ে নেমেছিল এ কিশোর, পরের পাঁচ বছরে সে ১৭০টি কিকবক্সিংয়ে অংশ নিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডের পার্লামেন্ট বয়স ১২-র আগে বক্সিংয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিতে বিভিন্ন আইনের পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। আয়ের উত্স হওয়ায় ‘মুয়াই থাই’ নামে পরিচিত এ কিকবক্সিং খেলা থাইল্যান্ডের হাজারো কিশোর মুষ্টিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে বেশ জনপ্রিয়। আনুচার মৃত্যু অসংখ্য থাই নাগরিককে কষ্ট দিয়েছে। তাদেরকে শোকে বিহ্বল করে তুলেছে। অনেকে সামুত প্রাকন প্রদেশে হওয়া ১৩ বছর বয়সী কিশোরের শেষ লড়াইয়ের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন। বিখ্যাত অনেক বক্সিং তারকাও আনুচার মৃত্যুতে শোক জানিয়েছেন। ১৩ বছর বয়সী এ কিশোরের খেলোয়াড়ি নাম ছিল ফেতমোংকল পর পিনাপাত। যে খেলায় আনুচা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেটিতে দুই কিশোরের কেউই মুখমণ্ডল সুরক্ষিত রাখে এমন হেডগিয়ার পরেনি বলেও ভিডিওতে দেখা গেছে। খেলার এক পর্যায়ে প্রতিপক্ষ আনুচার মাথায় একের পর এক ঘুষি মারলে ১৩ বছর বয়সী এ কিশোর মাটিতে পড়ে যায়।
