নাট্যাঙ্গনের প্রিয় মুখ ফারজানা চুমকি। এক বছর বিরতির পর তিনি আবারও মঞ্চে ফিরছেন শহীদুজ্জামান সেলিম পরিচালিত একটি নাটক দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামানের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের মধ্যদিয়ে চুমকি মঞ্চে ফিরছেন। চুমকি জানান, এরইমধ্যে অনলাইনে নাটকটির রিহার্সেলে নিয়মিত অংশ নিচ্ছেন। তবে কবে নাগাদ নাটকটির মঞ্চায়ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ অনলাইনে রিহার্সেল ঠিকই চলছে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মঞ্চে এই নাটক প্রদর্শনীর সুযোগ থাকছে না। শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘এবারই প্রথম সেলিম ভাইয়ের নির্দেশনায় মঞ্চ নাটকে অভিনয় করছি। যেহেতু সেলিম ভাই একজন গুণী অভিনেতা, তাই অভিনয় করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোথায় কী করতে হবে তা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন। সে ক্ষেত্রে আমার বা আমার মতো যারা অভিনয় করছেন এই মঞ্চ নাটকে তাদের জন্য বেশ সুবিধা হয়।’ নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকে নাটকটির মঞ্চায়ন হবে। একজন লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে চুমকির পথচলা শুরু। আর এরপর তিনি নিজেকে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত করেন। এই দলের হয়ে তিনি বিভিন্ন সময়ে ‘যৈবতী কইন্যার মন’, ‘বন পাংশুল’, ‘হাত হদাই, ‘প্রাচ্য’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ গত বছর তিনি একটি নাটকে অভিনয় করেন। এর আগে মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় চুমকি ‘এনেছি সূর্যের হাসি’ নাটকে অভিনয় করেছিলেন। এবারই প্রথম চুমকি সিনেমাতে অভিনয় করেছেন। তাও আবার গিয়াস উদ্দিন সেলিমেরই সিনেমা ‘পাপ পূণ্য’-তে। সিনেমাতে চুমকি রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন। চুমকি বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম সিনেমা ছিল, তাই আমি যথেষ্ট মনোযোগ দিয়েই রাবেয়া চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দেখা যাক, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায়।’ ১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন চুমকি। তার অভিনীত প্রথম নাটক ছিল সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’। তার প্রথম বিজ্ঞাপন ছিল পিন্টু পরিচালিত ‘উইন্টার গার্ড লিপজেল’। ‘হদয়ে বসতি’ নাটকে চুমকি প্রথম একসঙ্গে কাজ করেন মীর সাব্বিরের সঙ্গে। এটি নির্মাণ করেছিলেন খায়রুল বাশার। নিজের অভিনয় জীবন প্রসঙ্গে চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়াতে আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে উঠা। যে কারণে তার প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ।’ এদিকে চুমকি সর্বশেষ চলচ্চিত্রাভিনেতা সুব্রতর সঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
