এক অনন্যার গল্প...

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিরিজের দ্বিতীয় ছবির মাধ্যমে বলিউডে তারকা পরিবারের কন্যা অনন্যা পান্ডের অভিষেক হয়েছিল রূপালি পর্দায়। একদার নায়ক এবং আজকের কমেডি অভিনেতা চাঙ্কি পান্ডে তনয়া অনন্যাও প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করেছেন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে একজন সম্ভাবনাময় অভিনেত্রী রূপে তার আত্মপ্রকাশ ঘটেছে। একাধারে সুন্দরী, আকর্ষণীয় ও স্মার্ট ইমেজের পাশাপাশি অভিনয়ে সক্ষমতা অনন্যার ব্যাপারে সবাইকে আশাবাদী ও কৌতূহলী করেছে। টাইগার স্রফের বিপরীতে রোমান্টিক নায়িকা হিসেবে তার পারফরমেন্স চমক ছিল। এ জন্য বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন অনন্যা। একই বছরে তার আরো একটি সিনেমা ‘পতি পত্নী আউর ওহ’ মুক্তি পায়। এ ছবিটিও বক্স অফিসে ভালো সাড়া জাগিয়েছে। যেখানে কার্তিক আরায়ান ও ভূমি পেডনেকারের সঙ্গে পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন অনন্যা। পর পর দুটি ছবিতেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হওয়ায় তার প্রতি নির্মাতা ও দর্শকদের আস্থা বেড়েছে। তার ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়েছেন অনেকেই। ২১ বছর বয়সী এই তারকা কন্যাকে নিয়ে তার বাবা অভিনেতা চাঙ্কি পান্ডে সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘অনন্যাকে নিয়ে আমার গর্ববোধ হয়। যখন তাকে তারকাকন্যা হিসেবে অভিহিত করা হয় তখন আমি নিজেও আনন্দ অনুভব করি।’ অনন্যার সিনেমায় আসা প্রসঙ্গে চাঙ্কি পান্ডে বলেন, ‘আমি ভেবেছিলাম মেয়েকে ডাক্তার বানাব। কারণ, আমার বাবা-মা দুজনেই ডাক্তার ছিলেন। দাদা-দাদির মতো অনন্যাও ডাক্তার হবে মনে করেছিলাম। কিন্তু কলেজে উঠতেই মেয়ে বলল, সে সিনেমায় অভিনয় করতে চায়। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়তে চায়। আমেরিকার এক নামি দামি কলেজে তার পড়তে যাওয়ার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। শেষমেষ সব বাদ দিয়ে করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলো অনন্যা। সে ঠিকঠাক মতোই এগোচ্ছে বলে মনে করি আমি। তার ভবিষ্যত্ নিয়ে আমি অবশ্যই আশাবাদী।’ অনন্যা অভিনীত আরো একটি নতুন সিনেমা ‘খালি পিলি’ এ বছরেই মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল। এখানে তার নায়ক ইশান খাট্টার। বিদ্যামন করোনা পরিস্থিতিতে ‘খালি পিলি’ ছবির মুক্তি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে এ ছবির টিজার বেরিয়েছে। যেখানে অনন্যার প্রাণবন্ত উপস্থিতি সবাইকে আগ্রহী করেছে ‘খালি পিলি’র ব্যাপারে। বলিউডের সাড়া জাগানো তরুণ চিত্রনির্মাতা শাকুন বাত্রার নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক ছবিতে প্রধান ভূমিকায় কাস্ট হয়েছেন তিনি। এ ছবিতে দীপিকা পাড়ুকোনও আছেন আরেকটি প্রধান চরিত্রে। দক্ষিণী এক বিখ্যাত চিত্রনির্মাতার তামিল হিন্দি দ্বি-ভাষিক নতুন সিনেমা ‘ফাইটার’-এ অভিনয় করছেন অনন্যা। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে ছবির কাজকর্ম থেমে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ক্যারিয়ারের পালে তুমুল হাওয়া লাগতো এতদিনে। বলিউডে আগামী দিনগুলো হবে অনন্যার, তেমন সম্ভাবনার ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে অনন্যার সাম্প্রতিক কাজগুলোতে। একজন তারকাকন্যা হিসেবে প্রভাবশালী মহলের বিশেষ আনুকূল্য কিংবা পৃষ্ঠপোষকতা পেয়ে নয়, আপনযোগ্যতা গুণেই পথ চলতে চেষ্টা করছেন বলিউডের এই তন্বী অভিনেত্রী। নিজের মেধা ও যোগ্যতাগুণে অনেকদূর পর্যন্ত যেতে চান অনন্যা, ইতিমধ্যে সক্ষমতা নিয়ে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। যা তাকে এগিয়ে যেতে শক্তি ও সাহস যোগাচ্ছে।