বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আন্দোলন চাই, সময় মতো আমি নাই’- এই মানসিকতা না বদলালে আন্দোলনে সফলতা আসবে না। বুধবার ( ২ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আন্দোলন চাই, সময় মতো আমি নিজে নাই, টেলিফোন বন্ধ। রাজপথে রক্ত দিমু, কর্মীরে বলুম সাবধানে থাইকো-হয় না, হয় না। ঈমান ঠিক করেন। যেদিন বলতে পারেন মরতে হয় মরবো, গণতন্ত্র আনবো সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, সেদিনই খালেদা জিয়া মুক্তি পাবে, সেদিনই দেশ মুক্তি পাবে, সেদিনই জাতীয়তাবাদী শক্তি গোলামীর জিঞ্জির ছিঁড়ে নিজেদের মুক্ত করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘সে কারণেই বলছি, মঈন উ আহমেদ এবং হোসেইন মো এরশাদ একই বৃন্তের দুইটি ফুল। এদের রাজনৈতিক জন্ম-ভাবনা একই দেশে যেই দেশে প্রধানমন্ত্রীর ঠিকানা। ঠিকানা দুই রকম থাকে না। একটা হলো মাতৃভূমি আরেকটা সেকেন্ড হোম করে না। আজকের প্রধানমন্ত্রীর নিজের হোমের থেকে সেকেন্ড হোমের প্রতি বেশি দুর্বল। এই দূর্বলতাই আমাদের জাতীয় জীবনে বড় বিপর্যয়। স্বাধীনতা-সার্বভৌমত্ব দেশপ্রেমিক জনগোষ্ঠীর দল জাতীয়তাবাদী দল, এই দল শুধু আপনার আমার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা মাঠে না থাকলে জনগন আপনাদের পাশে থাকবে।’
ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, নিপুণ রায় চৌধুরী, তমিজউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
ইত্তেফাক/এসআই
