শিল্পী হলেও তিনি অভিনেতা নন; ক্যানভাসে রং তুলির ছোঁয়ায় ছবিও আঁকেন না। তিনি থাকেন নেপথ্যে, নিজের সৃষ্টির আত্মমগ্নতায় নাটকের নির্দেশনা দেন, নির্মাণ করেন সিনেমা। তিনি হাবিবুল ইসলাম হাবিব। এই সময়ের জনপ্রিয় একজন নাট্য নির্মাতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক।
নাটক দিয়ে শুরুটা সেই নব্বই দশকে। নাটকের নেশায় এক সময় পরিচিতদের নিয়ে গড়ে তুলেন নাট্যদল ‘প্রেক্ষাপট’। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তখন উত্তাল সারাদেশ। হাবিবুল ইসলাম হাবিবের নাট্যদল নিয়ে এলো ‘ইদানীং তিনি ভদ্রলোক’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। নাটকটি দর্শকমনে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর নিয়ে আসেন ‘ব্যরিকেড চারিদিকে’। সৃষ্টিতে মগ্ন থাকার পাশাপাশি সময়ের প্রয়োজনে তাকে অধিকার আদায়ের সংগ্রামেও দেখা যায়। এক সময় বিটিভি শুধু নিজেদের নির্মাণ করা অনুষ্ঠানই সম্প্রচার করত। তারপর দাবি ওঠে— বিটিভি-বর্হিভূত নির্মাতাদের অনুষ্ঠানও যেন প্রচার করা হয়। সেই আন্দোলনেও তিনি জড়িয়ে পড়েন এবং দাবি আদায়ে সোচ্চার হন অন্যদের সঙ্গে। একপর্যায়ে দাবি আদায় হলো; বিটিভি চালু করল ‘প্যাকেজ নাটক’। ১৯৯৪ সালে বিটিভিতে তার নাটক ‘ভালোবাসা ভালোবাসায়’ প্রচার হয়। স্বৈরাচারমুক্ত প্রথম অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার মঞ্চে অভিনীত চারটি নাটক নিয়ে ‘নির্বাচিত নাটক’। বইটি বিক্রি বিবেচনায় সেই বছর সেরা তালিকায় স্থান করে নেয়।
হাবিবুল ইসলাম হাবিব বরাবরই নতুন বিষয় নিয়ে কাজ করতে উত্সাহী। দেশে যখন বেসরকারি টিভি চ্যানেলের আত্মপ্রকাশ শুরু, তখন থ্রিলারধর্মী টিভি সিরিয়াল নির্মাণ করে দর্শকদের চমকে দেন। এটিএন বাংলায় প্রচার হয় তার ‘গোয়েন্দা কাহিনি’। অনেকের মতে, এটি বাংলায় নির্মিত প্রথম বাংলা টিভি সিরিয়াল। বড়পর্দায় তার প্রথম নিবেদন ‘রাত্রির যাত্রী’। ছবিটি মুক্তির পর তিনি দাবি তুলেন প্রতি সংসদীয় এলাকায় একটি করে মাল্টিপ্লেক্স নির্মাণের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা দেখার পরিবেশ সৃষ্টি হলে মানসম্পন্ন সিনেমা তৈরির প্রতিযোগিতা সৃষ্টি হবে। আর বাস্তবতা পর্যালোচনায় বলা যায়, এখন সিনেমা হলের তুলনায় মাল্টিপ্লেক্স সংস্কৃতির যুগ। সিনেমা দেখা, খাওয়া দাওয়া, শপিং একই ছাদের তলায়। আমাদের এখানে মাল্টিপ্লেক্স থাকলেও সেগুলো সংখ্যায় অনেক কম এবং মহানগরকেন্দ্রিক। তাই সিনেমার প্রয়োজনে দেশজুড়ে মাল্টিপ্লেক্স ছড়িয়ে দিতে হবে। তাহলে বাংলা সিনেমা বাঁচবে এবং নির্মিত হবে মানসম্পন্ন সিনেমা।’ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বরাবর পত্রও পাঠিয়েছেন। হালে মিডিয়াও এই দাবির পক্ষে সাড়া দিচ্ছে।
