বাগেরহাটে শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় শতাধিক রোগী। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে শিশুসহ অন্তত নয় শতাধিক রোগী ভর্তি হয়ে সেবা নিয়েছেন। হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীই বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগীই ঠান্ডা লেগে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত।
সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের শিউলী বেগম তার আট মাস বয়সী ছেলে ইরফান খানকে ভর্তি করেছেন। তিনি বলেন, ঠান্ডা লেগে আমার ছেলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। সে এখন সুস্থ।
সদর উপজেলার পাঁচ মাস বয়সী আরেক শিশু মারিয়াকে ভর্তি করেছেন মা রহিমা বেগম। তিনি বলেন, শীতের ঠান্ডা লেগে সর্দি, কাশির সাথে জ্বর ও শ্বাসকষ্ট বেড়েছে। তিনদিনে না কমায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মশিউর রহমান বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৫৪ জন রোগী ভর্তি হয়েছে। গত এক সপ্তাহে প্রায় আট থেকে নয়শ’ রোগীকে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাই বেশি। দিনদিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এসব রোগীর চিকিত্সা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তবে আমরা ভালো সেবাটাই দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ওষুধের কোনো সংকট নেই। সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানালেন তিনি।
