ডিমলায় পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২০

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলা উপজেলার তিস্তা নদীর আশপাশে অবৈধ বোমা মেশিন (ড্রেজার) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছে। দিন-রাত সব সময় ভারী মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। প্রতিনিয়ন অবৈধভাবে পাথর উত্তোলন করা হলেও প্রশাসনের নিরর ভূমিকা পালন করার অভিযোগ উঠে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ চারদফা দাবিতে বুধবার ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। ডিমলা সদরের সুটিবাড়ী মোড়ে স্মৃতি অম্লান চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক সরদার ফজলুল হক, জাহেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। মানববন্ধন শেষে একটি স্বারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিমলা থানার ওসিকে দেয়া হয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, বোমা মেশিনে পাথর উত্তোলনের বিষয়ে তিনি কিছুই জানেন না।