মেজর (অব) সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর তৃতীয় দফা তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আনা হয়। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় তদন্ত সংস্থা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিন সাক্ষী হলেন— টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঐ তিন জনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্র আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তৃতীয় দফা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
