খুলনা অফিস
নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ, সেফ ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণকারীরা কোন দলের লোক কিংবা কোন দলের নয়, এমন কোনও প্রশ্ন তোলার সুযোগ নেই। এই মৌলিক সত্য অগ্রাহ্য বা অমান্য করার কোনও অবকাশ নেই। যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত বিচার করতে হবে। সমাবেশে বক্তারা সুবর্ণচরের গণধর্ষণ মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে দাখিল, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও অপরাধীদের এক মাসের মধ্যে শাস্তি প্রদানের দাবি জানান। মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু। বক্তৃতা করেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মো, আসাদুজ্জামান, জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, শাহিন জামান পণ, ওয়ার্কার্স পার্টি নেতা মফিদুল ইসলাম, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবির মিজানুর রহমান বাবু, এস এম চন্দন, শাহ লায়েকউল্লাহ, নারী নেত্রী রেহেনা আক্তার, মনিরা সুলতানা, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, সিলভী হারুন, এস এম সোহরাব হোসেন, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
