শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় মূল হোতা পলাতক আসামি আলালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ কুমার জানান, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের পর থেকে আলাল আত্মগোপনে ছিলো। ওইদিন সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত শিবগঞ্জের বিচারক মোস্তফা কামালের কাছে জবানবন্দি দিয়েছে আসামি আলাল। এ ছাড়াও মামলা দায়েরের দিন অপর আসামি সোনামসজিদ বালিয়াদীঘি পূর্বপাড়ার সাবেরের ছেলে সামিউলকে গ্রেফতার করা হয়। এর আগে সোনামসজিদ এলাকার এক গৃহবধূ বাদী হয়ে গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদা হানি এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
