বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তবে, মেসি সিনিয়র মনে করেন, এই মুহূর্তে বার্সেলোনায় মেসির থাকাটা কঠিন।
মেসির সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুব একটা দেখছেন না তিনি। ‘এল প্রাত’ বিমানবন্দরে নেমে সেটিই বলেছেন মেসির বাবা, ‘বার্সেলোনায় মেসির ভবিষ্যত্? এটি কঠিন। ওর এ ক্লাবে থাকাটা কঠিন’।
তা হলে যাচ্ছেন কোথায়? সবচেয়ে বেশি গুঞ্জন ম্যানচেস্টার সিটি নিয়ে। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ হোর্হে, ‘পেপ গার্দিওলার সঙ্গে এ বিষয়ে আমার এখনো কথা হয়নি। ম্যানসিটির সঙ্গেও কিছু হয়নি এখনো।’
জানা গেছে, মেসিকে পেতে প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে হোর্হে মেসির সঙ্গে। মেসির ‘রিলিজ ক্লজ’ ৭০ কোটি ইউরো। কিন্তু তার ইচ্ছা, বিনা রিলিজ ক্লজে নতুন ক্লাবে যোগ দেওয়া। আর নিজেদের ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ ধরে রাখতে ম্যানচেস্টার সিটিও এ বিরাট আর্থিক চাপ নিতে নারাজ।
চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তার ইচ্ছের কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। তবে করোনার কারণে মৌসুম পেছানোয় এ শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন মেসির আইনজীবী। তবে বার্সা সেটি মানবে না। ৭০ কোটি ইউরো হলেই মেসিকে বিক্রি করবে বার্সা। মেসি-বার্সার এই লড়াইটা আদালতেও গড়াতে পারে।
ইত্তেফাক/বিএএফ
