লালমোহন (ভোলা) সংবাদদাতা
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহনে মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় কসাই কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমোহন থানার এসআই বশির আহমদ জানান, উপজেলার ফুলবাগিচা গ্রামের এক কৃষকের গাভী বাচ্চা প্রসবের সময় মারা যায়। পরে কম দামে মরা গরুটি কিনে নিয়ে কামাল কসাই তার নয়ানী গ্রামের নিজ ঘরের মধ্যে জবাই করে। এরপর মাংস বস্তায় ভরে শহরের উত্তর বাজার কসাই পট্টিতে নিয়ে যায় বিক্রির জন্য। সেখানে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। সেখান থেকে প্রায় এক মণ মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
লালমোহনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) হাবিবুল হাসান রুমি জানান, জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে স্বীকার করে। পরে তাকে ওই দণ্ড দেওয়া হয়।
