রংপুরের পীরগাছায় ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রুবেল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার পূর্বদেবু গ্রাম থেকে তাকে আটক করা হয়। রুবেল হোসেন (২৩) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, ধর্ষণের শিকার শিশুটি বুধবার বিকাল তিনটার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী যুবক রুবেল হোসেন পাঁচ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে এ ঘটনা খুলে বললে এলাকায় জানাজানি হয়। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রুবেলকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রুবেলকে রাতেই আটক করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
