মাগুরায় ১৫ হাজার গ্রাহক পাচ্ছেন স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ মিটার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬

মাগুরায় উদ্বোধন করা হলো স্মার্ট প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার কার্যক্রমের। বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকট সাইফুজ্জামান শিখর, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মো. দস্তগীর এনডিসি, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকো’র  ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, ওজোপাডিকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম, ওজোপাডিকো’র  উপ-পরিচালক নাজমুল হুদা, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম প্রমুখ। 

উদ্বোধনী দিনে মাগুরার জেলা ও দায়রা জজ কামরুল হাসান ও জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের বাস ভবনে একটি করে স্মার্ট প্রি- পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন করা হয়।

প্রধান অতিথি নসরুল হামিদ বলেন, মাগুরা জেলা সদরসহ ওজাপাডিকোর আওতাধীন এলাকায় প্রতিটি গ্রাহক আঙ্গিনায় স্মাট প্রি-পেমেন্ট মিটার স্থাপনরে জন্য ওজোপাডিকো ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ প্রদান করা হয়েছে। স্মাট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে গ্রাহক তার ঘরে বসেই মিটার রিচার্জ করতে পারবে। তিনি স্মাট প্রি-পেমেন্ট মিটারের সুবিধা এবং ব্যবহার বিধি সাধারণকে জানানোর জন্য প্রচারনার নির্দেশ প্রদান করেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে ২০২০-২১ অর্থ বছরের মধ্যে ২২.৬৬ লাখ প্রি-পেমেন্ট মিটার স্থাপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে মাগুরা জেলায় ১৫ হাজার ৭৭টি স্মার্ট প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন করা হবে। পাশপাশি খুব দ্রুত সময়ের মধ্যে বাকি ১৭ হাজার গ্রাহক এ সুবিধা পাবেন।

ইত্তেফাক/এসি