১.
চাষির ঘরে জন্ম নিয়ে
ভুগছি দিবারাতি;
খাবার-দাবার দেয় না কিছু
শুধুই মারে লাথি।
২.
ছয়মাস থাকি হাতে হাতে
খুবই সুনাম নিয়ে;
আর ছয়টা মাস কাটাই আমি
আস্তাকুঁড়ে গিয়ে।
৩.
রাতের বেলা প্রাণ ফিরে পাই
তখন পড়ি পড়া;
দিনের বেলা সবার কাছে
থাকি আমি মরা।
৪.
অল্প দিলে সবাই রাগে
দ্বিগুণ হলে খায় না;
খাবারেতে এটা ছাড়া
মজা পাওয়া যায় না।
৫.
ভাইকে দিলাম বোনকে দিলাম
হয় না তবু ক্ষয়,
চোর-ডাকাতে নিয়ে গেলেও
নেই হারানোর ভয়।
ধাঁধাগুলো তৈরি করেছেন—
মিনহাজ উদ্দীন শরীফ
উত্তর দেখ আয়নায়—
১. ঢেঁকি, ২. হাতপাখা, ৩. প্রদীপ
৪. লবণ, ৫. জ্ঞান
