মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলারের শ্রমিক মো. রফিক মোড়ল (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখপুর বিলপদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রফিকের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকায়।
শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে রফিকসহ আরও কয়েকজন লোক একটি ইঞ্জিন চালিত ট্রলারে তাদের নিজ এলাকা থেকে পাটকাঠি ক্রয় করে মাদারীপুরে বিক্রির উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে ট্রলারটি শেখপুর এলাকায় পৌঁছলে বিলপদ্মা নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে রফিক পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন এবং শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এদিকে ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল না থাকায় ফায়ার সার্ভিসের উপস্থিত টিমের সদস্যরা কিছুক্ষণ চেষ্টার পরে উদ্ধার অভিযান বন্ধ রাখে। পরে ফায়ার সার্ভিস ও ডুবরিদল যৌথভাবে আবারও খোঁজাখুঁজি শুরু করতে থাকে। বিকালে শেখপুর বিলপদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে তারা।
ইত্তেফাক/এএএম
