মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুরা যতদিন যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে তারাও ততদিন তা মেনে চলবে। ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলো চারটি পৃথক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছিল।
ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলন এবং ইহুদিবাদী শত্রুদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে মিশরের প্রচেষ্টা সফল হয়েছে। হামাসের এই ঘোষণাকে নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করে গাজা উপত্যকার রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। এর আগে হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাঈল হানিয়া বলেন, ইসরাইল আগ্রাসন থামালে হামাসও যুদ্ধবিরতিতে ফিরতে প্রস্তুত রয়েছে।
১১ নভেম্বর অবরুদ্ধ গাজা উপত্যকায় ঢুকে সাতজনকে হত্যা করে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। এই হামলার জবাবে ১২ নভেম্বর সকালে গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা চালায় হামাস। এ ঘটনায় এক ইসরাইলি নিহত হন। একই দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
