একটি কিউআর কোডে চারটি পেমেন্ট স্কিমসহ আন্তঃব্যবহারযোগ্য কিউআরভিত্তিক পেমেন্ট সলিউশন চালু করেছে সিটি ব্যাংক। আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়নপে, মাস্টারকার্ড এবং ভিসা—একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে এ চারটি নেটওয়ার্ক সেবার কার্ডধারীরা অর্থ প্রদান করতে পারবেন। বর্তমানে দেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীর ৩৫% সিটি ব্যাংকের গ্রাহক। কিউআর কোডভিত্তিক এই পেমেন্ট সলিউশনটি ব্যবহার করতে গ্রাহকদের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘সিটিটাচ’ ডাউনলোড করতে হবে এবং সেখানে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করে অর্থ প্রদান করার জন্য তাদের যে কোনো ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ডিফল্ট পেমেন্ট হিসেবে সেট করতে হবে।
এই মহামারি চলাকালীন নগদ অর্থ প্রদানের একাধিক স্কিমের সঙ্গে এই সেবাটি স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠবে। সেবাটি চালু উপলক্ষ্যে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, এটি আমাদের সবার জন্য এক স্মরণীয় মুহূর্ত। এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে বিস্তৃত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়ার এক ধাপ।
