সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৭

তেলিখালী ইউপি চেয়ারম্যান মরহুম

শাহাদাত্ হোসেনের কুলখানি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার দুপুরে উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলার তেলিখালী ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাত্ হোসেনের কুলখানি উপলক্ষে হরিণপালা ইকো পার্কে এক দোয়া-মোনাজাত ও বিশেষ ভোজের আয়োজন করে পরিবারবর্গ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজা, মেঝ ছেলে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রেসক্লাব সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সেঝ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শামসুউদ্দিন ও ছোট ছেলে মো. সালাহউদ্দিন। এ ছাড়াও অতিথি হিসেবে এতে শরিক হন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন, কাউখালী উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতি, মঠবাড়িয়া পৌর মেয়র মো. রফি উদ্দিন ফেরদৌস, কাউখালী থানার ওসি  মো. কামরুজ্জামান তালুকদার, মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজর রশিদ খশরু জোমাদ্দার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সেলিম মাতুব্বুর প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর হোসেন।

 বালিয়াকান্দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ৫২টি অসহায় পরিবারের ৬০ জনের মাঝে মঙ্গলবার রাত ১০টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, ইতোমধ্যে আমরা এই শীত মৌসুমে ৭টি ইউনিয়নে ১ হাজার  ৪ শত অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা এ বছর আরও  প্রায় ২ হাজার ৫ শত কম্বল বিতরণ করব বলে আশা রাখছি।

গোপালপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গোপালপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশ গতকাল বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা। এ সময় বক্তব্য রাখেন,  ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল খালেক, আ. রশিদ, নাজিম উদ্দিন, হুমায়ুন, আজহার আলী ও রফিকুল ইসলাম প্রমুখ। পরে বক্তারা টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়নের দাবি জানান। এ দাবিতে মুক্তিযোদ্ধারা মিছিল ও সমাবেশ করেন।

নেত্রকোনায় পত্রিকা বিক্রেতা ও হকারদের শীতবস্ত্র বিতরণ  

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের পক্ষ হতে নেত্রকোনার পত্রিকা বিক্রেতা ও হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসন কর্তৃক প্রাপ্ত এই সমস্ত শীতবস্ত্র গতকাল বুধবার সকালে বিতরণ করা হয়।  বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, ট্রেজারার সুজাদুল ইসলাম ফারাস, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক লিটন ধর গুপ্ত এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি দিলওয়ার খান ।

 

বিরামপুরে অবহিতকরণ সভা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গতকাল বুধবার সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, ওসি তদন্ত সোহেল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, এমটিইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, পরিসংখ্যান কর্মকর্তা মোকছেদ আলী, সাংবাদিক মোবারক আলী প্রমুখ।

পাইকগাছায় শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

পাইকগাছা  (খুলনা) সংবাদদাতা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। ইউএনও জুলিয়া সুকায়না, ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্যরা তালিকানুযায়ী এসব কম্বল বিতরণ করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় ১০ ইউপিতে ইতোমধ্যে ৪ হাজার ১৮০টি ভালো মানের কম্বল পাঠানোর কথা জানিয়েছেন। এদিকে মঙ্গলবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন তালিকাভুক্ত ২৫০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ সদস্য সচিব বিভুতী ভূষণ সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন, ইউপি সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, হারু জমাদ্দার, প্রকাশ মণ্ডল, মেরিনা পারভীন, ইউপি সচিব ফারুক হোসেন প্রমুখ।

মাগুরায় তিন আইনজীবীর মৃত্যুতে

শোকসভা ও চেক বিতরণ  

মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা জজ আদালতের তিনজন আইনজীবী অ্যাডভোকেট সমরেশ রায় চৌধুরী, অ্যাডভোকেট  জহুরুল হক, অ্যাডভোকেট সবুর হোসেনের স্মরণে গতকাল বুধবার মাগুরায় ফুল কোর্ট রেফারেন্স, শোকসভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা ও দায়রা জজ  শেখ মফিজুর রহমান । বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুন্দন বাগচী। এতে বক্তব্য রাখেন, পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, অ্যাডভোকেট মশিয়ার রহমান, অ্যাডভোকেট রতন কুমার মিত্র, অ্যাডভোকেট সামছুল আলম, অ্যাডভোকেট শাহিনা আখতার ডেইলী প্রমুখ। পরে মৃত অ্যাডভোকেটদের পরিবারের কাছে কল্যাণ তহবিলের চেক হস্তান্তর করেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

লালপুরে আখ ক্ষেত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

লালপুর (নাটোর) সংবাদদাতা গতকাল বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বাহাদীপুর মহল্লার একটি আখ ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ৭টি ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদীপুর মাজার শরীফ-এর সামনের নর্থ বেঙ্গল সুগার মিলের একটি আখ ক্ষেতে আখ কাটতে এসে একটি চাইনিজ কুড়াল, ৪টি বড় আকারের হাসুয়া, একটি ছোরা, একটি ড্রাগার, একটি লোহার রড ও একটি লাঠি একসাথে দেখতে পেয়ে লালপুর থানায় খবর দেয়। পুলিশ বেলা ১০টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ নভেম্বর যুবলীগ নেতা জাহারুল ইসলাম খুনে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঈশ্বরদীতে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা গ্রামীণ ব্যাংকের সম্মানিত সংগ্রামী শীতার্ত ভিক্ষুকদের মধ্যে গতকাল  বুধবার কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের ঈশ্বরদী এরিয়া অফিসের উদ্যোগে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও পাবনা জোনাল ম্যানেজার হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, এরিয়া ম্যানেজার আব্দুর রশীদ, প্রোগ্রাম অফিসার আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক রফিকুল হাসান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডুু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গির হোসেন, আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান ডিলুসহ ব্যাংকের কর্মকর্তা ও এলাকাবাসী।

বেড়ায় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার

বেড়া (পাবনা) সংবাদদাতা বেড়া উপজেলার চর নাগদাহ গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গতকাল বুধবার বেড়া মডেল থানা পুলিশ সহযোগে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বেড়া মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেড়ার চর নাগদা গ্রামে জমিজমা নিয়ে  আব্দুল গফুরের পরিবারের আত্মীয়দের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আব্দুল গফুর মীরের ছেলে নুরনবী (৩৫) নিহত হয় এবং আরো দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পরে নিহতের চাচাতো ভাই আইয়ুব মীর বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঐ দিনই মামলার এজাহারভুক্ত আসামি টেক্কা মীর, ভুট্টা মীর ও মোস্তফা মীরকে গ্রেফতার করে। মামলার তদন্ত সম্পর্কে সরেজমিন খোঁজ-খবর নিতে গতকাল বুধবার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মামলার অগ্রগতি এবং এর ফলে এলাকায় যেন কোনো সহিংসতা না ঘটে ও সহাবস্থান বজায় থাকে সেজন্যই ঘটনাস্থলে আসা।

 

 

 

 

০