উত্তেজনার ম্যাচ জিতলো সিলেট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৮

বল হাতে একাই ধসিয়ে দিয়েছিলেন সিলেট সিক্সার্সের টপ অর্ডার। শেষ পর্যন্ত সিলেটের রানটা বড় হয়ে গিয়েছিলো। এরপর ব্যাট হাতেও সেই রান  পাড়ি দেওয়ার দ্বারপ্রান্তে দলকে নিয়ে গিয়েছিলেন রবার্ট ফ্রাইলিঙ্ক। কিন্তু শেষ বলের যুদ্ধে আর পেরে ওঠেননি। হার মেনে নিতে হয়েছে ফ্রাইলিঙ্ক ও তার দল চিটাগং ভাইকিংসকে।

গতকাল দিনের প্রথম ম্যাচে চিটাগংকে পাঁচ রানে হারিয়েছে সিলেট। আগে ব্যাট করা সিলেট করেছিলো পাঁচ উইকেটে ১৬৮ রান। জবাবে সাত উইকেটে ১৬৩ রানে আটকে যায় চিটাগং।

১৬৯ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন মোহাম্মদ শাহাজাদ। কিন্তু ওই ওভারের চতুর্থ বলেই তার উইকেট তুলে নেন তাসকিন। এরপর আরও তিন উইকেট তুলে নিয়ে চিটাগংয়ের ব্যাটিংকে চেপে ধরেন তাসকিনই। সেই সাথে অলক কাপালি নেন দুই উইকেট।

এর মধ্যে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ক্যামেরন ডেলপোর্ট ও সিকান্দার রাজা চিটাগংকে লড়াইয়ে রেখেছিলেন। ডেলপোর্ট ২২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৮ রান করেন। অন্যদিকে সিকান্দার ২৮ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় ৩৭ রান  করেন। তারপরও সিলেটের রানের থেকে ঢের পেছনে ছিলো চিটাগং। সেই দূরত্বটা কমিয়ে আনেন ফ্রাইলিঙ্ক।

শেষ দুই ওভারে ৩৮ রান দরকার ছিলো চিটাগংয়ের। মোহাম্মদ ইরফানের ১৯তম ওভার থেকে ঠিক ১৪ রানই তুলে নেন ফ্রাইলিঙ্ক। এরপর শেষ ওভারে দরকার ছিলো ২৪ রান। প্রথম তিন বলেই ১৪ রান তুলে নিয়ে স্বপ্নটা টিকিয়ে রেখেছিলেন ফ্রাইলিঙ্ক। কিন্তু পরের দুই বলে আর হিসেবের সাথে পেরে ওঠেননি। 

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমেই ঘোরতর বিপদে পড়ে সিলেট সিক্সার্স। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে ফ্রাইলিঙ্কের বলে ক্যামেরন ডেলপোর্টের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। এরপর নাসির হোসেন ও সাব্বির রহমানও দ্রুত সেই পথ অনুসরণ করেন। নাসির তিন রান করেন, সাব্বির কোনো রানই করতে পারেননি।

এই বিপর্যয়ের মধ্যে এক প্রান্তে অত্যন্ত ধীরগতিতে ইনিংস মেরামতের চেষ্টা চালাতে থাকেন ওয়ার্নার। অন্য প্রান্তে সিলেটের রান টেনে তোলার কাজটা প্রথম করেন বাংলাদেশি তরুণ আফিফ হোসেন ধ্রুব। খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ধ্রুব; ইনিংসে ছিলো তিনটি ছক্কা ও পাঁটটি চার।

ওয়ার্নার ও ধ্রুব যোগ করেন ৭১ রান। ধ্রুব ফেরার পর ঝড় তোলার দায়িত্বটা নেন নিকোলাস পুরান। একেবারে শেষ ওভার পর্যন্ত আক্রমণ চালিয়ে গেলেন এই ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান। পুরান ও ওয়ার্নার ৭০ রান যোগ করেন পঞ্চম উইকেটে।

ওয়ার্নার শেষ দিকে এসে আক্রমণ করে এবং সিঙ্গেল ও ডাবল নিয়ে বেশ বড় একটা ইনিংস খেলে ফেলেন। ৪৭ বলে দুইটি চার ও একটি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন। অন্য প্রান্তে পুরানের আক্রমণ চলেছে।

শেষ পর্যন্ত পুরান ৩২ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন। রবি ফ্রাইলিঙ্ক ২৬ রানে নিয়েছেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৬৮/৫

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬৩/৭

ফল: সিলেট সিক্সার্স ৫ রানে জয়ী

ম্যাচ সেরা: নিকোলাস পুরান (সিলেট)