চেলসিকে হারালো টটেনহ্যাম

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

হ্যারি কেইনের একমাত্র গোলে ইএফএল কাপ সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার রাতের এই জয়কে কোচ মরিসিও পচেত্তিনো দেখছেন গুরুত্ব দিয়েই। দলটির দায়িত্বে প্রথম শিরোপা থেকে দুই ম্যাচ দূরত্বে থাকা আর্জেন্টাইন কোচ এই জয়কে ‘বড় পদক্ষেপ’ হিসেবেই দেখছেন।

টটেনহ্যামের মাঠ ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল স্বাগতিক দলটি। পঞ্চম মিনিটে কেইনের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। এর মিনিট দুয়েক পরেই ক্যালম হাডসন ওডোইয়ের শট ঠেকিয়ে পচেত্তিনোর দলকে ম্যাচে রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজনিগা। ২৪ মিনিটে বল পায়ে আগুয়ান কেইনকে চেলসি গোলরক্ষক ফাউল করে বসলে পেনাল্টি পায় স্পার্সরা। সেখান থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার। পরে এই ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে পচেত্তিনোর শিষ্যরা।  

লন্ডনের ক্লাবটিতে চার বছর কাটিয়ে দিলেও এখনো শিরোপার স্বাদ পাননি পচেত্তিনো। চেলসির বিপক্ষে এমন জয়ের পর সাংবাদিকদের জানালেন শিরোপার পথে একটি বড় পদক্ষেপ নিয়েছে তার দল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা বেশ প্রতিযোগিতাপূর্ণভাবে খেলেছি। আমি খুবই খুশি। আমরা ইংল্যান্ড এবং অবশ্যই ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি আজ। এমন একটা দল তারা যারা শিরোপাজয়ের লক্ষ্যে দল গঠন করে।’

দল হিসেবে আরও পরিণত হয়ে উঠার পথে এই জয়কে বিশেষ অভিজ্ঞতা হিসেবেই দেখছেন টটেনহ্যাম কোচ। তিনি বলেন, ‘তাদের অবিশ্বাস্য কিছু খেলোয়াড় আছে। আমি মনে করি এমন ধরনের ম্যাচ জেতাটা বিশেষ কিছু, আমাদের আরও পরিণত হওয়ার পথে এ এক বড় অভিজ্ঞতা।’ 

তবে চেলসিকে প্রাপ্য প্রশংসাও দিতে ভুলেননি তিনি। পচেত্তিনো বলেন, ‘চেলসির প্রশংসা করতেই হবে কেননা দ্বিতীয়ার্ধে বেশ চাপ সৃষ্টি করেছিল তারা ফলে আমাদেরকে আরও নিচ থেকে খেলতে হয়েছিল। কিন্তু দিনশেষে আমি খুবই খুশি কেননা ম্যাচের শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছি এবং ম্যাচটি জিততে পেরেছি।’ 

তবে ‘বড় পদক্ষেপ’ নেওয়ার পর আনন্দিত হলেও তাতে ভেসে না গিয়ে পরের লেগের জন্যে সতর্কই থাকছেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘অবশ্যই, অর্ধেক সময় পার হলো কেবল। ১-০ খুব ছোট ব্যবধান। দ্বিতীয় লেগেও আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।’

রবিবার এই ওয়েম্বলিতেই প্রিমিয়ার লিগের ম্যাচে কোচ ওলে গুনার সোলসারের অধীনে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পচেত্তিনোর শিষ্যরা। ২৪ জানুয়ারি সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে স্ট্যামফোর্ড ব্রিজে যাত্রা করবে টটেনহ্যাম।