শ্রীলঙ্কা সিরিজ
স্পোর্টস রিপোর্টার
বাজে ফর্মের বলি হলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ দুই ভাই শন মার্শ ও মিশেল মার্শ। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে তাদের বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে, বিস্ময়করভাবে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটিং প্রতিভা উইল পুকোভস্কি। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ের পর দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় নতুন ঘোষিত ১৩ সদস্যের দল থেকে আরো বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ফর্মহীনতায় থাকা ওপেনার অ্যারন ফিঞ্চ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মত দলে ফিরেছেন ফর্মে থাকা জো বার্নস। মার্কাস হ্যারিসের সাথে তাকেই হয়ত ওপেনিং জুটিতে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে নিজেকে টিকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করেছে হ্যারিস। তবে তাদেরকে অবশ্য ম্যাট র্যানশ’র সাথে লড়াই করেই দলে টিকে থাকতে হবে। ঘরোয়া শেফিল্ড শিল্ডে এবারের মৌসুমে নিজেকে প্রমাণে ব্যর্থ হলেও অজি নির্বাচকরা আরো একবার তার উপর আস্থা রেখেছেন।
বৃষ্টি-বিঘ্নিত ড্র হওয়া সিডনি টেস্টের দল থেকে নিজেদের জায়গা ধরে রেখেছেন অফ-স্পিনার অল রাউন্ডার মারনুস লাবুশাগনে ও ট্রেভিস হেড। পেস আক্রমণে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাটি কামিন্সের সাথে আরো যোগ হয়েছেন অভিজ্ঞ পিটার সিডল। নির্বাচক প্রধান ট্রেভর হনস বলেছেন, ‘ভারতীয় সিরিজ বেশ কিছু হতাশাজনক ফলাফল উপহার দিয়েছে এতে কোনো সন্দেহ নেই। এ কারণেই দলে পরিবর্তন প্রয়োজন ছিল। গত চার টেস্টে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পায়নি। বিশেষ করে অ্য্যারন, পিটার, শন ও মিশেল টেস্ট পর্যায়ের কোনো পারফরমেন্সই দেখাতে পারেনি। ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।’ তবে তিনি আরো বলেছেন- তাদের কারোর জন্যই দলে ফেরার জায়গা বন্ধ হয়ে যায়নি। ঘরোয়া ক্রিকেটে আবারো নিজেদের প্রমাণ করেই জাতীয় দলে ফিরতে হবে। চলতি মাসের শেষে ওয়ানডে সিরিজেও তাদের সুযোগ ঘটতে পারে।
এদিকে ২০ বছর বয়সী উঠতি তারকা ব্যাটসম্যান পুকোভস্কির অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই অবাক হয়েছেন। ভিক্টোরিয়ার হয়ে গতবছর তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মাত্র আটটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে টেস্ট সিরিজে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে নির্বাচকরা তার দিকে তাকিয়ে আছে। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৪ টেস্ট খেলা বার্নস কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া আসরে নিজেকে প্রমাণ করায় তার ডাক পাওয়াটা সময়ের ব্যাপার ছিল। টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ান একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন বার্নস, র্যানশ ও পুকোভস্কি। আগামী ২৪ জানুয়ারি ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। এরপর এক ফেব্রুয়ারি ক্যানবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড
জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিঁও, টিম পেইন (অধিনায়ক), উইল পুকোভস্কি, ম্যাট র্যানশ, মিশেল স্টার্ক, পিটার সিডল।
