আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার অনুষ্ঠিত বিমসটেক সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত সিনিয়র অফিসার্স সভার (এসওএম) একুশতম অধিবেশনে এ সিদ্ধান্ত হয়। কলম্বোয় ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় বিমসটেকের বর্তমান চেয়ারম্যান শ্রীলঙ্কা আগামী জানুয়ারির প্রথমদিকে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন এবং ১৭তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত করতে তাদের প্রস্তুতির কথা জানায়।
পররাষ্ট্র সচিবরা ফৌজদারি বিষয়সমূহের পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত বিমসটেক কনভেনশন; শ্রীলঙ্কার কলম্বোতে বিমসটেক প্রযুক্তি স্থানান্তর সুবিধা (টিটিএফ) প্রতিষ্ঠা বিষয়ে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন; বিমসটেক চার্টার এবং বিমসটেক সদস্য দেশগুলোর কূটনৈতিক একাডেমি/প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্বাক্ষরসহ কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয় চূড়ান্ত করেছেন। পরবর্তী বিমসটেক শীর্ষ সম্মেলনে এই আইনি দলিল-দস্তাবেজগুলো স্বাক্ষর হবে।
করোনা মহামারির বিরূপ প্রভাব মোকাবিলায় বিমসটেক কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সব কর্মকর্তা সম্মত হন। বিমসটেক হলো— বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাতজাতীয় আঞ্চলিক সংস্থা। শ্রীলঙ্কার পর বিমসটেকের চেয়ারম্যান হবে থাইল্যান্ড।
