বাবা শোয়েবের ভিডিও কল বেড়ে গেছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

বেশ ঘটা করেই ২০১০ সালের এপ্রিলে বিয়ে হয়েছিল শোয়েব মালিক-সানিয়া মির্জার। ক্রিকেটার-টেনিস খেলোয়াড়ের এই জীবনের জুটিকে একটা সময় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনের সেতু হিসেবেও বিবেচনা করা হয়েছিল। যদিও সেসব কল্পনাই থেকে গেছে।

এর মাঝে এগিয়েছে শোয়েব-সানিয়ার সংসার। বিয়ের আট বছর পর ২০১৮ সালের ৩০ অক্টোবর এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান। ছেলের জন্মের পর শোয়েব মালিকের জীবনে অনেক পরিবর্তনই এসেছে। বিশেষ করে খেলার কারণে বাইরে থাকায় ছেলের মুখ দেখতে ভিডিও কলই ভরসা শোয়েবের।

গতকাল বিসিবি একাডেমি মাঠে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি যদি তার কাছাকাছি থাকতাম তাহলে তার সঙ্গে শুধু খেলতাম। আরও একমাস টিকা দেয়ার জন্য সে ভ্রমণ করতে পারবে না। তাই তার কাছাকাছি না থাকতে পারলে আমার ভিডিও কল বেড়ে যায়। আমার মনে হয় এগুলোই পরিবর্তন। আর অবশ্যই বাবা হওয়ার অনুভূতিটা ভাষায় ব্যক্ত করা যায় না। কিন্তু আমি খুবই আনন্দিত।’