বন্ধুদের নিয়ে খেলার সময় ভিমরুলের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
শিশু শামীমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে তার পরিবারের সদস্যরা জানান,বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাট উপজেলায় আমাইতাড়া গ্রামে তিন বছরের শিশু শামীমকে আনুমানিক ২৫ থেকে ৩০ টি ভিমরুল কামড় দিলে শিশু শামিম গুরুতর অসুস্থ হয়। তারপর তাকে ধামইরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট জেলা হাসপাতালে রাত সাড়ে ১০টায় নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশু শামীমকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীরা জানায়,বিকেলে কয়েকজন শিশু তাদের গ্রামে খেলছিল। হঠাৎ তারা তালগাছে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে দুইজন শিশুসহ আশেপাশে ১০ থেকে ১২ জনকে এসে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে উদ্ধার করে ধামইরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ধামইরহাট হাসপাতালের আরএমও ডাক্তার আরাফার ইমাম বলেন, শিশু শামীমকে তার পরিবার রাত সাড়ে সাতটায় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করি। বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যান।
একমাত্র পুত্র শামীমকে হারিয়ে পিতা হারুন ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি বলে জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে দশটায় পারিবারিক গোরস্থানে শামীমকে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

